গাজা-যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে কলকাতায় মিছিল
নতুন পয়গাম, কলকাতা:
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইল নিপাত যাক’ স্লোগান দিয়ে আবারও কলকাতার রাজপথে গর্জে উঠলেন শান্তিকামী মানুষজন। সোমবার ধর্মতলার স্টেটসম্যান অফিসের সামনে জমায়েত হয়ে পোস্টার, ব্যানার হাতে নিয়ে মিছিল পরিক্রমা করে।
উদ্যোক্তাদের দাবি ছিল মূলত, গাজা উপত্যকা অভিমুখে রওনা দেওয়া প্রায় ৫০টি দেশের ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এবং তাতে থাকা প্রায় ৫০০ বিশিষ্টজনকে অবিলম্বে মুক্তি দিক ইসরাইল সরকার। অনাহারে, অর্ধাহারে থাকা বুভুক্ষু ও ক্ষুধার্ত গাজাবাসীর কাছে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে গাজা উপত্যকায় দু-বছর ধরে চালানো বর্বরতা, পাশবিকতা ও নৃশংসতা বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে হবে।
সম্প্রতি রাষ্ট্রসংঘে ফিলিস্তিনের স্বাধীনতা বিষয়ক প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় ভারত সরকারকে সাধুবাদ জানিয়ে আজকের প্রতিবাদী সমাবেশ ও মিছিল থেকে জানানো হয়, গাজায় যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক মহলে ভারত সরকার কার্যকর পদক্ষেপ করুক।
মিছিলে উপস্থিত ছিলেন সারা বাংলা সংখ্যালঘু ফেডারেশনের সভাপতি ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মুহাম্মদ কামরুজ্জামান, ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ-সভাপতি সারওয়ার হাসান, ঐকতান মিল্লি ইত্তেহাদ পরিষদের পক্ষে রুহুল আমীন, আমিনুল আম্বিয়া, কুরআন স্টাডি সার্কেলের আব্দুর রাকিব প্রমুখ।








