এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি
নতুন পয়গাম:
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। ম্যাচটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ভরা, কারণ এই লড়াইয়ের ফলেই নির্ধারিত হচ্ছিল ফাইনালের আসন। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক জাকের আলি ফিল্ডিং নেন। পাকিস্তানের ব্যাটাররা শুরুতে চাপে পড়লেও মোহাম্মদ হারিস ও নওয়াজের সংগ্রামী ব্যাটিংয়ে দল শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তোলে ১৩৫ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেন এবং তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুটা বেশ আত্মবিশ্বাসীভাবেই করে। ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন সাবলীল ব্যাটিংয়ে ইনিংস সাজানোর চেষ্টা করলেও শাহীন আফ্রিদি ও হারিস রাউফের তীক্ষ্ণ বোলিংয়ে দ্রুত ভেঙে যায় টপ অর্ডার। এরপর তৌহিদ হৃদয় ও শামীম হোসেন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দল। অধিনায়ক জাকের আলি ও অভিজ্ঞ নুরুল হাসানও দলকে জয়ের পথে নিতে ব্যর্থ হন। শেষদিকে মাহেদী হাসান ও রিশাদ হোসেন কিছু রান যোগ করলেও যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ থামে ১২৪ রানে।
অন্যদিকে পাকিস্তানের বোলাররা শুরু থেকে শেষ পর্যন্ত চাপ বজায় রাখেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে উত্তেজনা ধরে রাখেন।
এই জয়ের ফলে ২৮শে সেপ্টেম্বর পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে। পুরো ম্যাচ জুড়েই দেখা গেছে একের পর এক নাটকীয় মুহূর্ত, যেখানে কখনো বাংলাদেশ এগিয়ে গিয়েছে, আবার কখনো পাকিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে শেষ পর্যন্ত লড়াই করে পাকিস্তানই মাঠ ছেড়েছে বিজয়ী হিসেবে, আর বাংলাদেশকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে।
তবে আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৫ রান তুলতে না পারাটা একপ্রকার ব্যর্থতাই বলা যায়।








