থানারপাড়ায় ১০১তম মাসিক সাহিত্য আড্ডার আয়োজন, অনন্য নজির ‘দর্পণ…মুখের খোঁজে’র
নতুন পয়গাম, নদিয়া:
নদিয়ার প্রত্যন্ত থানারপাড়ায় ১০১তম মাসিক সাহিত্য আড্ডার আয়োজন করে এক অনন্য নজির স্থাপন করল ‘দর্পণ…মুখের খোঁজে’ সাহিত্য সংগঠন।
কবি নাজনিনা সুলতানা সম্পাদিত ‘প্রকৃতি কন্যা সাহিত্য পত্রিকা’র সহযোগিতায় গ্রিনভিউ ইনস্টিটিউট এন্ড গার্লস মিশনে শনিবারের সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন এলাকার একঝাঁক কবি সাহিত্যিক। অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে মিশনের ছাত্রীরা। এলাকার গুণীজনদের উপস্থিতিতে মিশনের কচিকাঁচাদের হাতের ছোঁয়ায় সমৃদ্ধ ‘গ্রীন ল্যান্ড’ দেওয়াল পত্রিকারও উদ্বোধন হয় এদিন।
তারপরেই শুরু হয় গান কবিতা আর প্রাণ খোলা সাহিত্য আড্ডা। প্রতি মাসেই ‘দর্পণ… মুখের খোঁজে’ সাহিত্যগোষ্ঠী নিয়ম করে গান, স্বরচিত কবিতা পাঠ এবং গল্পপাঠের আয়োজন করে থাকে। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ভাবে প্রতি মাসে সাহিত্য সভা করার আয়োজন বাংলায় বিরল। সেই হিসেবে করিমপুরের এই সাহিত্য সংগঠন অনন্য উদাহরণ হয়ে থাকল বলেই জানিয়েছেন উপস্থিত কবি সাহিত্যিকরা।
এদিনের আড্ডায় কবিতা পাঠ করেন কবি সঞ্জয় কুমার ঘোষ, কল্যাণ চট্টোপাধ্যায়, অর্পনা দাস বিশ্বাস, সরস্বতী সরকার, অমিত দাস, মুকুল মিয়া, সরজিৎ কর্মকার, হান্নান বিশ্বাস, প্রসাদ কুমার নন্দী, বন্দন দত্ত, প্রসেনজিৎ দাস, সন্তু প্রামানিক প্রমুখ। গদ্য কবিতা ও তার ছন্দ নিয়ে আলোচনা করেন কবি সু-ব্রত।
পত্রিকার সম্পাদক দেবজ্যোতি কর্মকার বলেন, ”ইতিমধ্যেই বাংলায় নজির স্থাপন করেছে আমাদের শততম মাসিক সাহিত্য সভা। করিমপুরের প্রত্যন্ত অঞ্চলের কবি প্রতিভা তুলে আনতে আমরা এখন থেকে গ্রামে গ্রামে সাহিত্য সভার আয়োজন করব।” ওই অনুষ্ঠানে ‘দর্পণ… মুখের খোঁজে’ সাহিত্য পরিষদের পক্ষ থেকে গ্রিনভিউ ইনস্টিটিউট এন্ড গার্লস মিশন কর্তৃপক্ষকে কবি যতীন্দ্রমোহন বাগচীর প্রতিকৃতি তুলে দেওয়া হয়।







