ওবিসি বঞ্চনা: মালদার জেলাশাসক ও মন্ত্রীর কাছে পিআইবি-র ডেপুটেশন
নতুন পয়গাম, মালদা:
নতুন অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) তালিকায় পিছিয়েপড়া জনগোষ্ঠীর বঞ্চনা নিরসনের দাবিতে মালদা জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন দিল পিআইবি। শুক্রবার ডেপুটেশন গ্রহণ করেন হরিশচন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র শিল্প, বস্ত্র ও সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজাম্মুল হোসেন।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নতুন ওবিসি তালিকা প্রণয়নে বেশ কিছু পিছিয়েপড়া জনগোষ্ঠী উপযুক্ত স্থান পায়নি বা বঞ্চনার শিকার হয়েছে। পাশাপাশি অপেক্ষাকৃত এগিয়ে থাকা জনগোষ্ঠী পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে সংরক্ষণের আওতায় চলে আসায় পিছিয়েপড়া শ্রেণির বঞ্চনা আরও বেড়েছে। ফলে শিক্ষা, চাকরি ও অন্যান্য সরকারি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে তারা আরও কোণঠাসা হয়ে পড়ছে। এই গুরুতর বিষয়টি মন্ত্রীর নজরে আনতে এবং দ্রুত সমাধান চেয়ে পিআইবি-র প্রতিনিধিদল একগুচ্ছ দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি জমা দেন।
ডেপুটেশন প্রদানকারীরা জানান, মন্ত্রী তাজাম্মুল হোসেন মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। পিছিয়েপড়া জনগোষ্ঠীর অধিকার সুনিশ্চিত করতে এবং নতুন ওবিসি তালিকায় প্রয়োজনীয় সংশোধন আনতে তিনি সাধ্যমতো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে ছিলেন প্রিন্সিপ্যাল শামসুল হক, অধ্যাপক কাউসার আনসার, শিক্ষক বেলাল চৌধুরী, শিক্ষক রফিকুল বাবু, কাজী নবীনূর হোসেন, কাজী সেকায়েত হোসেন, সিরাজ বাবু, রফিকুল আলম, বেলাল হোসেন, বাসিরুল ইসলাম, ফাসেনুর রহমান প্রমুখ।







