ওবিসি-বঞ্চনা: ইটাহারের বিধায়ককে পিআইবি-র ডেপুটেশন
নতুন পয়গাম, ইটাহার:
সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি-দের প্রতি বঞ্চনার অভিযোগে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের কাছে বুধবার স্মারকলিপি জমা দিল প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল বা পিআইবি। প্রতিনিধি দল বিধায়কের কাছে অভিযোগ করেন, নতুন ওবিসি তালিকায় সংখ্যালঘু এবং ওবিসি সম্প্রদায়ের মানুষজন নিয়মিতভাবে বঞ্চিত হচ্ছেন। শিক্ষাক্ষেত্র ও অর্থনৈতিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে এই বঞ্চনা দ্রুত দূর করার দাবি জানানো হয়। তারা এও জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অ্যাডমিশনেও ৩০ শতাংশ জনগোষ্ঠীর প্রান্তিক, পিছিয়েপড়া মানুষের প্রতিনিধিত্ব থাকছে না। অর্থাৎ প্রকৃতপক্ষে সংরক্ষণ পিছিয়েপড়া শ্রেণির মানুষজন এই নতুন ওবিসি তালিকায় পাচ্ছেন না। তাই তাদের দাবি, পুরনো ওবিসি তালিকা ফেরত দিতে হবে।
বিধায়ক মোশারফ হোসেন ডেপুটেশন গ্রহণ করে সমস্যার কথা শোনেন এবং এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি জানান, বঞ্চনার অভিযোগগুলি খতিয়ে দেখে সংশ্লিষ্ট দফতরে দ্রুত পদক্ষেপের জন্য তিনি সুপারিশ করবেন। পিআইবি-র এই প্রতিবাদী পদক্ষেপকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে।
পিআইবি-র প্রতিনিধিদলে ছিলেন মনসুর আলী, সাত্তার আহমেদ, সইবুর রহমান, হাফিজুর রহমান, নিশিকুল ইসলাম, শহিদুল ইসলাম, হাসেন আলী, মজিবুর রহমান, সাহেরুল হক, বিলকিশ পারভীন, মোজ্জাফর হোসেন প্রমুখ।







