নয়নডাঙ্গা ব্রাইট ফিউচার অ্যাকাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
সাগরদিঘী ব্লকের বালিয়া এলাকার নয়নডাঙ্গা ব্রাইট ফিউচার অ্যাকাডেমিতে বৃহস্পতিবার ঘটা করে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের ১২তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কেরাত ও গজল পরিবেশন, ইসলামিক সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটকের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে। খুদে শিল্পীদের পরিবেশনা উপস্থিত অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী পর্বে শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষ্যণীয়।
এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের কর্ণধার জসিমুদ্দিন শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল সেখ, সৈয়ব আক্তার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।








