চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ অবশেষে চুঁচুড়া বিধানসভায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হল। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে চুঁচুড়া ভূমিপূত্র সুবীর নাগকে এবারে দল প্রার্থী হিসেবে মনোনীত করেছে। সুবীর নাগ চুঁচুড়া বিধানসভার দীর্ঘদিনের বিজেপি কর্মী। তিনি বিজেপির হুগলি জেলা সভাপতিও ছিলেন। তাঁর নাম ঘোষণার পরেই তাঁরই ঘনিষ্ঠ জেলার বিজেপি কর্মীরা আনন্দে মেতে ওঠেন। গেরুয়া আবির খেলতে শুরু করেন। এই প্রসঙ্গে সুবীর নাগ বলেন, চুঁচুড়ার অলিগলি থেকে মানুষ চেয়েছিল আমাকে প্রার্থী করুক দল। দল তাঁদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছে।দল যখন যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করেছি, এখনও আমি চেষ্টা করব চুঁচুড়াবাসীর সুখ দুঃখ দূর করতে।
প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সকালে কটাক্ষ করে বলেছিলেন, তিনি একা মাঠে লড়ছেন। সেই প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন যে কোন অনুষ্ঠানে স্টার গায়ক সবার শেষে স্টেজে ওঠে। আমার ক্ষেত্রেও তাই হল। আশা করি, চুঁচুড়াবাসী আমাকে সেই স্টারের মর্যাদা দেবে। আমি শুভেচ্ছা জানাই তৃণমূল প্রার্থীকে তিনি বহু দূর থেকে এসে চুঁচুড়ায় লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন। আমি চাই বহু সময় ব্যয় করে তিনি চুঁচুড়ার মানুষকে চিনুক বুঝুক। আমি কিন্তু চুঁচুড়ার মানুষের সামনে বড় হয়েছি। ঘরের মাঠ, চেনা মাঠ, চেনা পিচ। আমার সেঞ্চুরি করতে অসুবিধা হবে না। এখন কম করে পঞ্চাশ হাজার ভোটে জেতার আশা রাখছি। মানুষ মন খুলে ভোট দেবে, আমাদের কোনো প্রভাব পড়বে না। এই প্রসঙ্গে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপি প্রার্থীকে সুস্থ থেকে ডাবের জল খেয়ে লড়ার পরামর্শ দেন।








