ম্যারাথন মিটিংয়েও বেরলো না সমাধান-সূত্র,আইএসএল অন্ধকারেই
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গামঃ
ক্রীড়ামন্ত্রকের সাথে বৈঠকেও মিললো সমাধানসূত্র।
আইএসএল নিয়ে জট কাটাতে বুধবার সবপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। হাজির ছিলেন স্বয়ং মনসুখ মাণ্ডব্য। প্রথমে আইএসএল দলের প্রতিনিধি, তারপর আই লিগ ক্লাব। সবশেষে মার্কেটিং পার্টনার এফএসডিএল ও অন্যান্য বিড সংস্থার সঙ্গেও কথা বলেন তারা। একের পর এক ম্যারাথন বৈঠক শেষেও মিলল না কোনও সমাধানসূত্র। আসলে সুপ্রিম কোর্ট থেকে বেঁধে দেওয়া সংবিধানের চারটি পয়েন্টে আটকে গোটা বিষয়টি। এরমধ্যে উল্লেখযোগ্য-
আইএসএলে অবনমন চালু করা।
পাশাপাশি ফেডারেশনকে বার্ষিক ৩৬.৫ কোটি টাকা দিতে রাজি নয় কেউই। এই সকল বিষয়গুলি কোনওভাবে পরিবর্তন করা সম্ভব কি না, তা নিয়ে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হবে। তারপরই মিলতে পারে লিগ জটের সমাধানসূত্র।
এদিন বৈঠকে দ্রুত দেশের ফুটবল শুরু করার ব্যাপারে ক্লাবগুলিকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তবে কোন পথে বের হবে সমাধানসূত্র, তা নিয়ে খোলসা করে কিছু বলা হয়নি। একইসঙ্গে আগ্রহী সংস্থাগুলির কাছে বিডে অংশ না নেওয়ার কারণও জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, আইএসএল ক্লাবগুলির বৈঠকে এফসি গোয়া ও বেঙ্গালুরুর পক্ষ থেকে ভিন্ন লিগ শুরুর দাবি জানানো হয়। তবে বাকি দলগুলি তাতে খুব একটা আগ্রহ দেখায়নি। বরং ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে দ্রুত খেলা শুরুর জন্য জোরালো দাবি জানানো হয়েছে। এখন দেখার, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুসারে কী সিদ্ধান্ত জানায় দেশের শীর্ষ আদালত।
তবে দেশের সেরা লিগ নিয়ে এই সার্কাস আদতে ভারতীয় ফুটবলেরই ক্ষতি করছে।








