খণ্ডঘোষে নব নেতৃত্বকে ঘিরে তৃণমূলের উল্লাস
তৌসিফ আহম্মেদ, নতুন পয়গাম, বাঁকুড়া
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে ঝালিয়ে নিতে নতুন নেতৃত্ব ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে সভাপতি ও শাখা সংগঠনের সভাপতির নাম প্রকাশ হতে দেখা যায় কয়েকটি ব্লকে পুরনো নেতৃত্ব বহাল থাকলেও অনেক ব্লকেই এসেছে নতুন মুখ উঠে এসেছে।
খণ্ডঘোষ ব্লকে যুব তৃণমূল সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশীষ প্রধান, যুব সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন শেখ রাজেশ আলী। একই সঙ্গে আইএনটিটিইউসির সভাপতি পদে নতুন মুখ হাসানুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলা তৃণমূল সভানেত্রী হিসেবে তাপসী রুইদাসকে পুনরায় বহাল রাখা হয়েছে।
নব মনোনীত নেতৃত্বদের সম্মান জানাতে খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের উদ্যোগে খণ্ডঘোষ বিধায়ক কার্যালয়ের সামনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন সভাপতিদের অভিনন্দন জানান।
এই উপলক্ষে খণ্ডঘোষে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও বিজয় মিছিলের আবহ লক্ষ্য করা যায়। নতুন নেতৃত্বকে ঘিরে কর্মীদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তা আসন্ন নির্বাচনের লড়াইয়ে দলকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন বিধায়ক নবীনচন্দ্র বাগ।







