জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন
নতুন পয়গাম, খান সাহিল মাজহার, বীরভূম: দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাজুরিয়া আদিবাসী পাড়ায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার অবসান ঘটল। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় নবনির্মিত পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট ছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই সমস্যার সমাধানে এই উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাজুরিয়া এলাকা পাথুরে হওয়ায় এখানে ভূগর্ভস্থ জলের স্তর অনেক নিচে। ফলে সাধারণ নলকূপে প্রায়ই জল উঠত না এবং পানীয় জলের জন্য এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হত। বহুদিন ধরেই বাসিন্দারা একটি স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনেই দুবরাজপুর পৌরসভা এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুল্টি চক্রবর্তীর উদ্যোগে এই বিশেষ পানীয় জল প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন, আজকের দিনটি এলাকার মানুষের জন্য অত্যন্ত আনন্দের দিন। আদিবাসী অধ্যুষিত মাজুরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের যে সমস্যা ছিল, তা অনেকটাই মিটল এই প্রকল্পের মাধ্যমে। তিনি বলেন, “জলই জীবন, তাই সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।” পাশাপাশি তিনি জানান, অমৃত প্রকল্পের কাজও এলাকায় চলছে এবং সেই কাজ সম্পূর্ণ হলে আগামী দিনে বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়ার ব্যবস্থাও করা সম্ভব হবে।পৌরপ্রধান আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তাঁর সরকারের আর্থিক সহযোগিতার ফলেই এই ধরনের উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে পৌরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন উপ-পৌরপ্রধান মির্জা শওকত আলী, কাউন্সিলর মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, বুল্টি চক্রবর্তী, আইনজীবী স্বরূপ আচার্য, শিক্ষক অরিন্দম চ্যাটার্জী সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। এই নতুন পানীয় জল প্রকল্প চালু হওয়ায় মাজুরিয়া আদিবাসী পাড়ার বহু পরিবার উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।








