এসআইআরে বাদ প্রায় ১৪ লক্ষ নাম
নতুন পয়গাম, কলকাতা:
সোমবার ছিল ১০ লক্ষ। পরদিন মঙ্গবার এক ধাক্কায় আরো ৪ লক্ষ বেড়ে হল প্রায় ১৪ লক্ষ। নির্বাচন কমিশন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৩ লক্ষ ৯২ হাজার নাম বাদ গিয়েছে। অর্থাৎ এ পর্যন্ত রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বাদ গেল প্রায় ১৪ লক্ষ ভোটদাতার নাম। সুতরাং ৪ ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা অনেকটা বাড়তে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের। জানা গিয়েছে, এ পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর ও দক্ষিণ কলকাতায়। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা।
সোমবার পর্যন্ত রাজ্যে ৭ কোটি ৬৪ লক্ষ ৫৯ হাজার ১২৯টি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। শতাংশের বিচারে ৯৯.৭৭ শতাংশ। এখন পর্যন্ত ফর্ম ডিজিটাইজড বা অ্যাপে আপলোড হয়েছে ৫ কোটি ৩৭ লক্ষ ৫১ হাজার ৬২৬ বা ৭০.১৪ শতাংশ। পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ৪ ডিসেম্বর, তারপর ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।








