মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের
নতুন পয়গাম, মুর্শিদাবাদ: চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় মুর্শিদাবাদ জেলার প্রায় ১১ লক্ষ ভোটার ‘Under Adjudication’ বা ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছেন। জেলার মোট ভোটারের মধ্যে যা প্রায় ১৫ থেকে ১৬ শতাংশ। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ভোটারদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলাশাসকের দপ্তরের মাধ্যমে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেয় সদভাবনা মঞ্চ। ওই স্মারকলিপিতে দাবি করা হয়, বহু নাগরিক যাঁদের নাম আগের ভোটার তালিকায় ছিল এবং যাঁরা একাধিক নির্বাচনে ভোট দিয়েছেন, তাঁরাও বর্তমানে এই অনিশ্চয়তার মুখে পড়েছেন।
সংগঠনের সহসম্পাদক আসিকুল আলম জানান, “মুর্শিদাবাদ জেলার প্রায় ১১ লক্ষ ভোটার বর্তমানে ‘বিচারাধীন’ অবস্থায়। যা জেলার মোট ভোটারের প্রায় ১৫ থেকে ১৬ শতাংশ। গণতন্ত্রের মূল ভিত্তি ভোটাধিকার। এই অধিকার রক্ষা করা রাষ্ট্র ও নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।”
সদভাবনা মঞ্চের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ‘বিচারাধীন’ অবস্থায় থাকা ভোটারদের বিষয় নিষ্পত্তি না হওয়া এবং ভুলভাবে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত না করা পর্যন্ত কোনো নির্বাচন ঘোষণা করা যাবে না। সংগঠনটি অবিলম্বে স্বচ্ছভাবে সম্পূরক ভোটার তালিকা (Supplementary Voter List) প্রকাশের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার সদভাবনা মঞ্চের মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষে স্মারকলিপি জমা দিতে উপস্থিত ছিলেন সভাপতি সমরেন্দ্রনাথ ভট্টাচার্য, সম্পাদক মোঃ মুস্তাফা কামাল, কোষাধ্যক্ষ সেলিম জাভেদ, হাসানুল্লা, সহসম্পাদক আসিকুল আলম প্রমুখ।








