বিহারে ফের এনডিএর জয় রাজ্যসভায় বিজেপির পোয়া বারো
নতুন পয়গাম, নয়াদিল্লি, ১৪ নভেম্বর:
বিহার বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়। খড়কুটোর মতো উবে গেল বিরোধীদের মহাজোট। পদ্ম-ধনুকের কাছে ধরাশায়ী হল হাত-লণ্ঠন প্রতীক। আসাদ উদ্দীন ওয়েইসির মিম ৫টি আসন পেলেও খাতা খুলতেই পারেনি পিকে-র নতুন দল জন সুরাজ পার্টি। এই ফলাফলের প্রভাব সবথেকে বেশি পড়বে দিল্লিতে, রাজ্যসভায়। লাভবান হবে কেন্দ্র সরকার।
বিহারে এই জয়ের পর আসন্ন রাজ্যসভার নির্বাচনে ১০টি আসনেই নিশ্চিত জয় পাবে এনডিএ শিবির। রাজ্যসভার এই ১০ আসনের মধ্যে এখন আরজেডি-র দখলে রয়েছে ৩টি। সেগুলোও জিতে নেবে বিজেপি জেডিইউ জোট। বর্তমানে রাজ্যসভায় মোট ২৪৫ আসনের মধ্যে এনডিএ শিবিরের দখলে রয়েছে ১৩৩টি। পাঁচটি আসন শূন্য হবে ২৬ সালে। আরও পাঁচ আসনের মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। আর কেন্দ্র সরকারের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের মে মাস নাগাদ।
জানা গিয়েছে, পাঁচটি আসনের নির্বাচনে প্রতিটিতে জিততে ৪২ জন করে বিধায়কের সমর্থন লাগবে। ২০২ আসন নিয়ে এনডিএ প্রথমে সহজেই চারটি আসন পাবে। আরজেডি এবার বিহারে জিতেছে মাত্র ২৫ আসনে। ফলে তাদের কেউ রাজ্যসভায় যেতে পারবে না। তবে কংগ্রেস এবং বামেদের বিধায়ক যোগ করেও বিরোধী জোট ৪২ হচ্ছে না। তাই বিরোধীরা বিহার থেকে রাজ্যসভায় কোন আসনেই জিততে পারবে না।








