১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ
নতুন পয়গাম, আবু রাইহান, কালিয়াচক: বৃহস্পতিবার মালদার কালিয়াচক ১ ব্লকের সিলামপুর ১ গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়া এলাকার ৩ নম্বর বুথে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই বুথে মোট ৯৯৩ জন ভোটারের মধ্যে ৫২২ জনের নাম ‘আন্ডার অ্যান্ড জুডিকেশন’-এ ছিল, যার মধ্যে সাপ্লিমেন্টারি তালিকায় ৪২৭ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কালিয়াচক-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, “আগে ভোটার তালিকা ঠিক হোক, তারপর ভোট।” এলাকার মহিলারা অভিযোগ করেন, প্রয়োজনীয় নথি দেখানোর পরও পরিবারের একাধিক সদস্যের নাম বাদ পড়েছে। কারও মেয়ের নাম থাকলেও ছেলের নাম নেই, আবার কোথাও বাবার নাম মুছে গেছে বলে অভিযোগ। বিক্ষোভকারীরা জানান, “এত সংখ্যক মানুষের নাম যদি তালিকা থেকে বাদ পড়ে, তাহলে যাদের নাম আছে তারাও ভোট দেবেন না।” প্রয়োজনে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন তাঁরা। এলাকাবাসীর একটাই দাবি– ভোটার তালিকা সঠিকভাবে সংশোধন করে সকলের নাম নিশ্চিত করতে হবে, তার পরেই তারা ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন।








