ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের
নতুন পয়গাম, মুর্শিদাবাদ, ১১ মার্চ: ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদ জেলায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ, এই তালিকায় জেলার প্রায় ১১ লক্ষ মানুষকে ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, আবার অনেকের নাম সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। ২০০২ ও তার আগের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু প্রার্থী ভোটাধিকার হারানোর আশঙ্কায় রয়েছেন বলে জানিয়েছে জেলার বিভিন্ন মুসলিম সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম ‘মিল্লি ঐক্য মঞ্চ’। সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেখানে তাঁরা দুই দফা দাবি জানিয়েছেন:
১. ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে এবং শুনানিতে উপস্থিত থেকে নথি জমা দেওয়া সকল ভোটারকে যোগ্য ভোটার হিসেবে স্বীকৃতি দিতে হবে।
২. যাঁদের ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে অথবা নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের বৈধ ভোটার হিসেবে চিহ্নিত না করা পর্যন্ত যেন ভোট ঘোষণা না করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মুফতি মো. নাজমুল হক (সাধারণ সম্পাদক, জমিয়তে উলামা হিন্দ, মুর্শিদাবাদ), মুফতি আলিমুদ্দিন রেজভি মাযহারি (জেলা সভাপতি, সুন্নি ঐক্য মঞ্চ, মুর্শিদাবাদ), মো. শামসুল আলম (জেলা সভাপতি, জামায়াতে ইসলামী হিন্দ, মুর্শিদাবাদ) এবং সেখ আব্দুল্লাহ ডালটন (কার্যকরী সম্পাদক, মাসিক আহলে হাদিস) প্রমুখ।
মিল্লি ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের এই সমস্যা অবিলম্বে সমাধান না হলে জেলার সাধারণ মানুষের মধ্যে হতাশা ও অস্থিরতা বাড়বে। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।








