সরকারি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়িঃ
ধূপগুড়ি মহকুমার মোরঙ্গা চৌপথি এলাকায় বুধবার সকালে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সরকারি বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক চালক। বিকট শব্দে দুমড়ে-মুচড়ে যায় বাইকটি, বাসের সামনের আয়নাও ভেঙে চুরমার হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধূপগুড়ির দিক থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হওয়া একটি সরকারি বাস মোরঙ্গা চৌপথি এলাকায় একটি টোটোকে ওভারটেক করতে গিয়েছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার জেরে বাইক চালক ছিটকে পড়ে গুরুতর জখম হন।
জোরালো শব্দে এলাকার মানুষ ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়ে রয়েছেন বাইক চালক। দ্রুত তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী গোপাল দাস বলেন,“সরকারি বাসটি টোটোকে ওভারটেক করতেই সামনে আসা বাইকটির সঙ্গে সংঘর্ষ ঘটে। বাইক চালকের অবস্থা খুবই আশঙ্কাজনক।”
দুর্ঘটনার জেরে রাস্তায় লম্বা যানজট তৈরি হয়। পরে ধূপগুড়ি ট্রাফিক ওসি-সহ ট্রাফিক বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট মুক্ত করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সরকারি বাস এবং ক্ষতিগ্রস্ত বাইকটি ধূপগুড়ি থানার পুলিশ আটক করেছে।







