বীরভূমের ভোটার তালিকায় ‘মোদি’র নাম ‘মোদি-মমতা’ ভাই-বোন, জোর চর্চা দুবরাজপুরে
নতুন পয়গাম, বীরভূম:
নামে কী আসে যায়? হ্যাঁ, অনেক কিছুই আসে যায়। পুত্র-কন্যার নাম রেখেছিলেন মমতা ও নরেন্দ্র মোদি। কিন্তু তাদের বাবা-মায়েরা তখন কি জানতেন যে, এই দু’জনের নাম নিয়ে একসময় দেশজুড়ে নিরন্তর চর্চা চলবে। তারা কি জানতেন, তাঁদের দুই ছেলে-মেয়ের নামেই দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু কাকতালীয়ভাবে এখন সেটাই হয়েছে বাস্তব। তাই নরেন্দ্র মোদি ও মমতা নামের ভাই-বোনকে নিয়ে বিড়ম্বনায় দুবরাজপুরবাসী এবং অবশ্যই তাদের পরিবার। তবে এখানে মমতা হলেন দিদি এবং ভাই হলেন নরেন্দ্র কুমার মোদি। দাদার নাম প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে গেলেও বোনের পদবি কিন্তু বন্দ্যোপাধ্যায় নয়, আগরওয়াল। এদের মোদি-মমতার বাবার নাম নারায়ণ চন্দ্র মোদি।
রাজ্যে বিধানসভা ভোটের আগে আবারও এই দুই ভাই-বোনকে নিয়ে জোর চর্চা এবং রসিকতায় মেতেছেন স্থানীয় বাসিন্দা থেকে জেলার রাজনৈতিক নেতারা। বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চ তো বটেই, গোটা দেশেই এখন রাজনৈতিক অহি-নকুল সম্পর্ক দিদি-মোদির। জানা গিয়েছে, বীরভূম জেলার দুবরাজপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র কুমার মোদির বয়স ৫০। তিনি কিন্তু চা-ওয়ালা কিংবা প্রধানমন্ত্রী নন, তিনি এক মুদিখানার মালিক। এই নরেন্দ্র মোদির তিন দিদি, তাদের মধ্যে একজন মমতা আগরওয়াল। এই মমতা দিদির আগের পদবি মোদি হলেও বিবাহ সূত্রে তাঁর পদবি বদলে হয়েছে আগরওয়াল। স্থানীয় মতে, এই নরেন্দ্র কুমার মোদি বরাবর খুব সৎ।
এ প্রসঙ্গে নরেন্দ্র কুমার মোদি বলছেন, আমার এবং দিদির নাম সম্পূর্ণ কাকতালীয়ভাবেই মিলে গিয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। ছোটবেলায় আমার জেঠু এই নাম রেখেছিলেন। যদিও আমি রাজনীতি করি না। আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমাদের দিদি-ভাইয়ের সম্পর্ক খুবই ভাল।
এসআইআর আবহে ২০০২ সালের ভোটার তালিকা যাচাই করতে গিয়েই নতুন করে নজরে এসেছে নরেন্দ্র মোদি এবং দিদি মমতার নাম। এই মোদি পরিবারের আদি নিবাস রাজস্থান হলেও নরেন্দ্রবাবুর জন্ম পশ্চিম বাংলার মাটিতেই। বাংলাই তাঁর মাতৃভাষা। ২০১৪ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দুবরাজপুরের বাসিন্দা নরেন্দ্র মোদির বিড়ম্বনা বাড়তে থাকে। অনেকে মজার ছলে তাঁকে প্রধানমন্ত্রী বলেও সম্বোধন করেন। শেষ কথা হল, রাজনীতিতে মমতা-মোদি সাপে-নেউলে সম্পর্ক হলেও তাঁদেরকে মিলিয়ে দিয়েছে দুবরাজপুর।








