স্বদেশি পণ্য কিনতে জন্মদিনে মোদির বার্তা
নতুন পয়গাম,
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: নিজের জন্মদিনে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, স্বদেশী পণ্য কিনুন। স্বদেশি জিনিসপত্র কেনার জন্য শপথ নিতে হবে ১৪০ কোটি ভারতবাসীকে। স্বদেশে উৎপাদিত পণ্য ছাড়া দেশবাসী যেন বিদেশি কিছু কেনাকাটা না করে। তাহলে ভারতবর্ষ হবে আত্মনির্ভরশীল এবং তাঁর স্বপ্নের মেক ইন ইন্ডিয়া প্রকল্প বাস্তবায়িত হবে। বুধবার ৭৬তম জন্ম দিবসে মধ্যপ্রদেশে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিলেন তিনি।
কেনাকাটা বিষয়ে এদিন তিনি খুঁটিনাটি নিদান দিয়ে বলেন, দোকানের সামনে লিখে রাখুন, ‘গর্ব সে কহো ইয়ে স্বদেশি হ্যায়’। অর্থাৎ গৌরবের সঙ্গে ঘোষণা করো এই দোকানে স্বদেশি পণ্য বিক্রি হয়। তিনি এও বলেন, ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি চালু হচ্ছে। এতে জিনিসপত্রের দাম অনেক কমবে। সেই সুবিধা নিয়ে বেশি বেশি করে স্বদেশী পণ্য কিনতে হবে। মোদির কথায়, মহাত্মা গান্ধী স্বদেশি আন্দোলন শুরু করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। এবার আমাদেরকে দ্বিতীয় স্বদেশি আন্দোলন করতে হবে ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে। যার পোশাকি নাম ‘আচ্ছে দিন’।
উল্লেখ্য, নরেন্দ্র মোদীর জন্ম ১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর বম্বে প্রেসিডেন্সি, বর্তমান গুজরাটের মহেসানা জেলার বড়নগর এলাকায়। ক্যালেন্ডারের হিসেবে এদিন ৭৫ বছর পূর্ণ করে ৭৬-এ পা রাখলেন তিনি। বিরোধীরা প্রশ্ন তুলেছে, দেশের বহু সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থাই তো বিক্রি করে দিয়েছে মোদি সরকার, লাভজনক বহু সংস্থাকে রুগ্ন আখ্যা দিয়ে দুই গুজরাটি বন্ধুকে জলের দরে পাইয়ে দেওয়া হয়েছে গত ১১ বছরে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক ইউরোপের দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে মরিয়া। আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে পুনরায় আলোচনা শুরু হয়েছে। তারওপর এমনিতেই চীনা পণ্যে ছেয়ে গেছে দেশের বাজার। এতদসত্ত্বেও প্রধানমন্ত্রী কীভাবে স্বদেশী পণ্য কেনার নিদান দিচ্ছেন! জন্মদিনে এ তো বিরাট জুমলাবাজি।








