দেশের শত্রু মোদি, বললেন খাড়গে
নতুন পয়গাম, নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বের:
প্রধানমন্ত্রীকে ‘দেশের সবথেকে বড় শত্রু’ বলে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আমেরিকার শুল্কনীতি নিয়ে রবিবার খাড়গে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব বরাবরই আন্তর্জাতিক মহলে অন্যতম চর্চার বিষয়। অথচ, বন্ধু-রাষ্ট্র ভারতের ওপরেই ৫০ শতা্ংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। তাই আমেরিকাকে উচিৎ শিক্ষা দিতে রাশিয়া ও চীনের সঙ্গে দহরম মহরম বাড়িয়েছে ভারত সরকার।
সদ্য অনুষ্ঠিত এসসিও সম্মেলনে যোগ দিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ছবি দেখেই ট্রাম্পের মাথা গরম হয়ে গিয়েছে। তাই তিনি ভারতের ওপর থেকে শুল্ক কমানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন। যদিও কদিন পরেই আবার সুর নরম করে ভারতকে বন্ধু রাষ্ট্র বলেছেন। একইসঙ্গে বেশ কিছু খাতে শুল্ক কমিয়েছেন এবং প্রত্যাহারও করেছেন। কারণ, আমেরিকার আদালতই ট্রাম্পের শুল্ক-যুদ্ধকে বেআইনি আখ্যা দিয়েছে।
এদিকে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, মোদি-ট্রাম্পের বন্ধুত্বের মাশুল দিচ্ছে ভারতবাসী। মোদি ও ট্রাম্প একে অপরের ভাল হতে পারেন। তাই তাঁরা একে অপরের হয়ে ভোট চান। কিন্তু নরেন্দ্র মোদি দেশের সবথেকে বড় শত্রুতে পরিণত হয়েছেন। প্রধানমন্ত্রী দেশের পরিবেশ নষ্ট করছেন। ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে ভারতের সাধারণ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর প্রতি বর্ষীয়ান কংগ্রেস সভাপতির পরামর্শ, আপনি আপনার মতাদর্শে চলুন, কিন্তু দেশবাসীকে রক্ষা করুন। কারণ, সবার আগে দেশ, আপনাদের বন্ধুত্ব পরে। ভারত দীর্ঘদিন ধরেই জোট নিরপেক্ষ নীতি মেনে চলেছে। প্রধানমন্ত্রীরও তা বজায় রাখা উচিৎ বলে মনে করেন মল্লিকার্জুন খাড়গে।








