বলাগড় থানার তৎপরতায় উদ্ধার হল মোবাইল, পুলিশ ফেরাল খোয়া যাওয়া অর্থ
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলী:
পুলিশি তৎপরতায় উদ্ধার হল মোবাইল, খোয়া যাওয়া অর্থ। হুগলী জেলার বলাগড় থানা এলাকার এরকমই ৩২ জন মানুষ তাদের মোবাইল ও অর্থ ফিরে পেয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন। জানা গেছে, হুগলী গ্রামীণ জেলা পুলিশের আওতাধীন বলাগড় থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, অনলাইন পেমেন্টে খোয়া যাওয়া প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকাও ফেরত দেওয়া হয় ভুক্তভুগিদের নিকট।
মোবাইল ফেরতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলী গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা সৌমেন বিশ্বাস, বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র, এস আই প্রসেনজিৎ ঘোষ, রোহন মল্লিক, নিতাই ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। তারা প্রত্যেক প্রকৃত মালিককে মোবাইল ফোন ফেরত দেওয়ার পাশাপাশি একটি করে গোলাপ ফুল উপহার তুলে দেন। বিনিময়ে কয়েকজন ব্যক্তি খুশি হয়ে পুলিশের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।
বুধবার থানায় অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, যারা আর্থিকভাবে প্রতারিত হয়েছিলেন এবং থানায় অভিযোগ করেছিলেন, তাদের টাকা প্রায় সকলকে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। একইভাবে মোবাইল হারানো বা চুরি যাওয়া অভিযোগকারীরাও তাদের জিনিস ফিরে পেয়েছেন। তিনি আরও জানান, বলাগড় এবং জিরাট সহ অন্যান্য জায়গায় দুর্গাপূজোর দিনগুলোতে পুলিশ বিশেষ সতর্ক থাকবে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বা বেপরোয়া বাইক চালনার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তার জন্য থাকছে উইনার্স টিম, সিসি ক্যামেরা ও পর্যাপ্ত পুলিশি নজরদারি।








