তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকে স্তব্ধ সামশেরগঞ্জের গ্রাম
নতুন পয়গাম, অরঙ্গাবাদ:
রোজগারের আশায় ভিনরাজ্যে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। তামিলনাড়ুর এক নির্মাণ সংস্থায় কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জ ব্লকের মধ্য চাচন্ড গ্রামের বাসিন্দা সুকুর আলি মীর (৪০)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে সংসারের আর্থিক সংকট মেটাতে কয়েকজন গ্রামের সঙ্গীর সঙ্গে তামিলনাড়ুতে পাড়ি দেন সুকুর। গত কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে হঠাৎই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে মধ্য চাচন্ড গ্রামে। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ও দুই ছোট সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সুকুর—তাঁর অকালমৃত্যুতে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছে গোটা পরিবার।
শুকুরের মৃত্যুর খবর পেয়ে দ্রুত পরিবারের পাশে দাঁড়ান সমাজকর্মী কাদিরুল ইসলাম। তিনি জানিয়েছেন, “তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দেহ ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি খুব শিগগিরই মরদেহ গ্রামে পৌঁছবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একই গ্রামের আকতারুল সেখ নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছিল মুম্বইয়ে। তার কয়েকদিনের মধ্যেই আবারও ভিনরাজ্যে শ্রমিকমৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা মধ্য চাচন্ড গ্রাম।








