বিয়ের আসরে রক্তদান শিবিরে মানবতার বার্তা সাগরদিঘীতে
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
ভালোবাসা ও মানবতার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী রইল মুর্শিদাবাদের সাগরদিঘীর শেখপাড়া। নবদম্পতি আনিসুর ও আর্জিনার শুভ বিবাহ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হলো এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবির, যা রীতিমতো নজির স্থাপন করল।
‘রক্ত দিন, জীবন বাঁচান’— এই স্লোগানকে সামনে রেখে শিবিরটির আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি, মুর্শিদাবাদ জেলা কমিটি। সকাল ১০টা থেকেই এলাকার বহু মানুষ ও ছাত্রছাত্রী রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ মণ্ডল, ইফতিকার আলম, আসিরুদ্দিন, রাফসান জানি (বিট্টু) সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
পাত্র আনিসুর সেখ জানান, “এই নিয়ে আমার ২০তম রক্তদান করলাম। আমার বিয়েতে মোট ৩০ জন রক্তদান করেছেন। সমাজে রক্তের অভাব মেটাতে ও মানবিক উদাহরণ স্থাপন করতেই এই উদ্যোগ।” নবদম্পতি আনিসুর ও আর্জিনার পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয় এই মহৎ কাজে পাশে থাকার জন্য।
বিয়ের আনন্দঘন মুহূর্তে সমাজসেবার এমন উদ্যোগ স্থানীয়দেরও গভীরভাবে অনুপ্রাণিত করেছে। ভালোবাসা, মানবতা ও সামাজিক দায়িত্ববোধের এক সুন্দর সংমিশ্রণ ঘটল এই রক্তদান শিবিরে— যা নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিল।








