নাম প্রত্যাহার ম্যাক্সওয়েলের, পিএসএলে মঈন আলি
মিনি নিলামে ১৩৫৫ ক্রিকেটার,শিকে ছিঁড়বে মাত্র ৭৭ ক্রিকেটারের ভাগ্যে
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ
আশ্চর্যজনকভাবে আইপিএলকে প্রাধান্য না দিয়ে পিএসএলকে অগ্রাধিকার দিলেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলি।যে লিগে খেলা সবার স্বপ্ন, সেই লিগকে বাদ দিয়ে মঈন আলি হঠাৎ পাকিস্তানের লিগকে কেন গুরুত্ব দিলেন- তা নিয়ে ধোঁয়াশা। মনে করা হচ্ছে নিজের দেওয়াল লিখন পড়ে ফেলেছিলেন,কারন প্রায় দেড় হাজার ক্রিকেটারের মধ্যে সুযোগ পাবে মাত্র ৭৭ জন, সেখানে তাঁর সুযোগ পাওয়া কঠিন জেনেই হয়তো আইপিএলকে না বললেন!
১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম হবে আবুধাবিতে। তা নিয়ে ক্রমশ ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় তৎপরতা বাড়ছে। সর্বোচ্চ ২ কোটি টাকার বেস প্রাইস রয়েছে মোট ৪৫ জন ক্রিকেটারের। তারমধ্যে উল্লেখযোগ্যরা হলেন ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোন, রবি বিষ্ণোই, বেঙ্কটেশ আয়ার, মাথিশা পাঠিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা।
তবে উল্লেখযোগ্যভাবে অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে এবার দেখা যাবে না আইপিএলে! নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৩৭ বছর বয়সি। গতবছর ৪.২ কোটি টাকায় পাঞ্জাব কিংসে ছিলেন তিনি। তবে মাঝপথে আঙুলে চোট পাওয়ায় ছিটকে যান। পরিবর্তে পাঞ্জাব নেয় অজি অলরাউন্ডার মিচেল ওয়েনকে। ২০১২ থেকে এখনও পর্যন্ত কোটিপতি লিগে ১৪১ ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৫৫ স্ট্রাইক রেটে করেছেন ২৮১৯ রান। ৮.৩০ ইকনমি রেটে সংগ্রহ ৪১ উইকেট। তবে নিজের প্রতিভার প্রতি পুরোপুরি সুবিচার করতে পারেননি তিনি। ১৩ মরশুমে মাত্র একবার পাঁচশোর গণ্ডি পেরন ম্যাক্সওয়েল (২০২১)। গত দুই মরশুমে তো চূড়ান্ত ব্যর্থ তিনি। বুঝতেই পারছিলেন, নিলামে তাঁর প্রতি আগ্রহ দেখাবে না ফ্র্যাঞ্চাইজিরা। সেজন্যই নিজে থেকে সরে গেলেন।
এবারের নিলামে অংশ নেবেন মোট ১৩৫৫ জন ক্রিকেটার। তারমধ্যে ৩১জন বিদেশি। প্রত্যেক দল সর্বাধিক ২৫জন ক্রিকেটারকে নিতে পারবে। সেই হিসেবে মোট ৭৭টি স্লট ফাঁকা রয়েছে। কোন কোন ক্রিকেটারকে নিতে আগ্রহী সেই তালিকা ৫ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। মনে করা হচ্ছে অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের জন্য হতে পারে জমজমাট লড়াই।আর তাঁকে পাওয়ার সর্বোচ্চ দাবিদার কলকাতা।কেননা কলকাতার হাতে সবচেয়ে বেশি পার্স।ক্যামেরন গ্রিনের পাশাপাশি কলকাতা নিজেদেরই ছেড়ে দেওয়া খেলোয়াড় বেঙ্কটেশের জন্যও নিলামে আগ্রহ দেখাবে বলে শোনা যাচ্ছে। আপাতত অপেক্ষা ১৬ ডিসেম্বরের।








