কংগ্রেসের ডিএম অফিস অভিযানে উত্তাল মালদহ প্রশাসনিক ভবন
নতুন পয়গাম, মালদহ: এসআইআর সংক্রান্ত হয়রানির অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে তীব্র বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনিক ভবন চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। জানা গেছে, মালদহ জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ইশা খান চৌধুরীর নেতৃত্বে তাঁরা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিতে যায়। বিক্ষোভকারীরা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তুলে দাবি করেন, অবিলম্বে এসআইআর সংক্রান্ত হয়রানি বন্ধ করতে হবে।
ডেপুটেশন কর্মসূচি ঘিরে প্রশাসনিক ভবনের মূল ফটকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। কংগ্রেস কর্মীরা গেট ঠেলে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধিকে জেলাশাসকের দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। ডেপুটেশন পেশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ ইশা খান চৌধুরী অভিযোগ করেন, এস.আই.আর-এর নামে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। তিনি বলেন, মানুষকে ভয় দেখিয়ে প্রশাসনিক সন্ত্রাস চালানো হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে এবং আগামী দিনেও আন্দোলন চলবে।








