পুত্রকে ২১ কোটির স্ট্যাম্প ডিউটি দিতে নির্দেশ জমি দুর্নীতি মামলায় চাপে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী
নতুন পয়গাম, মুম্বই
দুর্নীতি ও কেলেঙ্কারিতে জড়িয়ে আবারও কালিমালিপ্ত হল মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার। পুনের জমি দুর্নীতি মামলায় আরও চাপে এনসিপি নেতা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বাজার চলতি দামে সরকারি জমি না কেনায় এবার অজিত-পুত্র পার্থ পাওয়ারের সংস্থা আমেডিয়া এন্টারপ্রাইজ-কে ২১ কোটি টাকার সম্পূর্ণ স্ট্যাম্প ডিউটি এবং জরিমানা বাবদ দিতে হবে আরও ১.৪৭ কোটি টাকা। শুক্রবার এই নির্দেশ দিল মহারাষ্ট্রের রাজস্ব দফতর। ৬০ দিনের মধ্যে এই টাকা জমা দিতে হবে। না হলে অতিরিক্ত জরিমানাও গুণতে হবে সংস্থাটিকে।
অভিযোগ, কয়েক মাস আগে নির্ধারিত বাজারমূল্যের থেকে অনেক কম দামে পুনের মুন্ধওয়ায় ৪০ একর সরকারি জমি কেনে আমেডিয়া এন্টারপ্রাইজ। যার বাজারদর ১৮০৪ কোটি টাকা। কিন্তু উপমুখ্যমন্ত্রীর পুত্র পার্থর সংস্থা ওই জমি কেনে মাত্র ৩০০ কোটি টাকায়। অর্থাৎ ৬ ভাগের এক ভাগ দামে। ওই জমি কেনাবেচায় সরকারের ২১ কোটি টাকার স্ট্যাম্প ডিউটিও ফাঁকি দেওয়া হয়। স্ট্যাম্প ডিউটি বাবদ দেওয়া হয়েছে মাত্র ৫০০। যার জেরে বিরোধীদের প্রবল তোপের মুখে পড়েন মূল এনসিপি নেতা শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। এই জালিয়াতির ঘটনাকে কেন্দ্র পৃথক দুটি মামলা দায়ের হয়। তদন্তের পর এই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই জমিটি তফসিলি মাহার সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ছিল। এটাও এক বড় অন্যায় বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো।








