মহারাজের ৭ উইকেট,ফিরে আসার বার্তা দক্ষিণ আফ্রিকার
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
আবার সেই ১৭’এর গেরো।
লাহোর টেস্টের দ্বিতীয় দিনটাই যেন ফিরে এল রাওয়ালপিন্ডিতে। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ রানে শেষ হয়েছিল শেষ ৫ উইকেট। এদিনও শেষ ৫ উইকেট গেল ১৭ রানেই।আগের ম্যাচে নায়ক ছিলেন মুথুস্বামী,কাল নায়ক কেশব মহারাজ।পিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে ১৭ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রানে অলআউট পাকিস্তান।
২৫৯-৫ অবস্থায় রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষ করে পাকিস্তান। উইকেটে টিকে ছিলেন সৌদ শাকিল ও সালমান আগার মতো দুই স্বীকৃত ব্যাটসম্যান। সেই পাকিস্তানের প্রথম ইনিংস কাল শেষ হয়ে মধ্যাহ্নবিরতির আগেই আর ৭৪ রান যোগ হতেই। এরপর ৪ উইকেটে ১৮৫ রান তুলে দ্বিতীয় দিনটা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় দিনে পাকিস্তানের হারানো ৫ উইকেটের সব কটিই নিয়েছেন কেশব মহারাজ। তাতে আগের দিনই ২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার ইনিংসে পেয়ে গেলেন ৭ উইকেট। টেস্টে চতুর্থবার ইনিংসে ৭ বারের বেশি উইকেট নিলেন মহারাজ। তাতে একটি রেকর্ডও হয়ে গেছে। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশিবার ‘৭ উইকেট’ নেওয়ার রেকর্ডে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অফ স্পিনার হিউ টেফিল্ডের পাশে বসলেন মহারাজ।








