লালগোলায় দ্বারোদ্ঘাটন হল ‘মহারাজা রাও যোগেন্দ্র নারায়ণ অডিটোরিয়াম’!
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের লালগোলায় উদ্বোধন হল আধুনিক অডিটোরিয়াম “যোগীন্দ্র নারায়ন ভবন”। প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে নির্মিত এই ৫০০ আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম এলাকার সাংস্কৃতিক চর্চায় নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অডিটোরিয়ামের উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সাংসদ খলিলুর রহমান, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, শাওনি সিংহ রায়, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) শামসুর রহমান, মহকুমা পুলিশ আধিকারিক বিমান হালদার, জেলা পরিষদ সদস্য মোতাহার হোসেন রিপন, জেলা পরিষদ সদস্যা ইতি সাহা সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি এই অডিটোরিয়াম লালগোলার সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে। দীর্ঘদিন ধরে এলাকায় একটি আধুনিক সাংস্কৃতিক মঞ্চের দাবি ছিল।নতুন এই অডিটোরিয়াম চালু হওয়ায় ভবিষ্যতে এখানে নাট্যোৎসব, সঙ্গীতানুষ্ঠান, সাহিত্যসভা সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, “যোগীন্দ্র নারায়ন ভবন” শুধু একটি অডিটোরিয়াম নয়, বরং লালগোলার সাংস্কৃতিক চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।








