‘যে গান নিষিদ্ধ, সেই গানই হোক অস্ত্র’
অসম মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে মালদায় ধিক্কার মিছিল
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে ফ্যাসিবাদী ও বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদে মুখর হল মালদা। মঙ্গলবার সন্ধ্যায় মালদা জেলা সদরে অনুষ্ঠিত হল এক স্বতঃস্ফূর্ত ধিক্কার মিছিল। শিল্পী, সাহিত্যিক, ছাত্র, শিক্ষক ও বিভিন্ন স্তরের সংস্কৃতিমনস্ক মানুষ কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই এই মিছিলে অংশ নেন।
ইংলিশবাজারের রাজমহল রোডে রবীন্দ্র মূর্তি থেকে মিছিল শুরু হয়ে ফোয়ারা মোড়, নজরুল মূর্তি হয়ে রাজহোটেল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে মুখে ছিল প্রতিবাদের স্লোগান— “যে গান নিষিদ্ধ, সেই গানই হোক অস্ত্র”। মিছিল জুড়ে গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’।
অংশগ্রহণকারীদের অভিযোগ, দেশে ক্রমশ অসহিষ্ণুতা ও অরাজকতার পরিবেশ তৈরি করা হচ্ছে। মনীষীদের অসম্মান ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আক্রমণের বিরুদ্ধে সরব হন তাঁরা। সম্প্রতি ‘আমার সোনার বাংলা’ গান গাওয়াকে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলের শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক গজেন কুমার বাড়ই, বিদ্যুৎ বিশ্বাস, সুশান্ত সাহা, রণজিৎ দেবভূতি, অভিজ্ঞান সেনগুপ্ত সহ আরও অনেকে। তাঁদের বক্তব্য, দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে একজোট হতে হবে।
প্রতিবাদ কর্মসূচিতে জেলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ ছাড়াও সাধারণ নাগরিকরাও উপস্থিত ছিলেন।







