গুডহোপ চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, শ্রমিকমহলে স্বস্তির নিঃশ্বাস
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ডুয়ার্স:
ডামডিম গ্রাম পঞ্চায়েতের গুডহোপ চা বাগানে অবশেষে ধরা পড়ল এক পূর্ণবয়স্ক চিতাবাঘ। বৃহস্পতিবার সকালে হাতিজঙ্গল শ্রমিক লাইনের সি-৪এ সেকশনে বন দপ্তরের পাতানো খাঁচায় বন্দি হয় চিতাবাঘটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। রাত নামলেই শ্রমিকরা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছিলেন, গবাদিপশু নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটছিল। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন স্থানীয়রা।
অবশেষে বন দপ্তর তৎপর হয়ে বিশেষভাবে খাঁচা বসায়। বৃহস্পতিবার সকালে সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। বন দপ্তরের এক আধিকারিক জানান, “চিতাবাঘটিকে আপাতত নিরাপদে উদ্ধার করে উপযুক্ত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষাও করা হবে।”
চিতাবাঘ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। বহু মানুষ দূর থেকে চিতাবাঘটিকে দেখতে ছুটে আসেন।
চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা বাগানের শ্রমিকরা। তবে তাঁদের দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বন দপ্তর ও প্রশাসনকে আরও সতর্ক ও সক্রিয় হতে হবে।







