প্রথম বর্ষপূর্তিতে লাব্বাইক নার্সিংহোমের নানা সামাজিক উদ্যোগ
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
মালদা জেলার কালিয়াচক-১ ব্লকের জালালপুরে জাতীয় সড়কের ধারে অবস্থিত লাব্বাইক নার্সিংহোম তার প্রথম বর্ষপূর্তি উদযাপন করল সোমবার নানা সামাজিক ও স্বাস্থ্যসচেতনমূলক কর্মসূচির মধ্য দিয়ে।
বর্ষপূর্তি উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হয় বিনামূল্যে চিকিৎসা শিবির, যেখানে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক প্রায় শতাধিক দুঃস্থ রোগীর চিকিৎসা করেন ও সুস্থ জীবনযাপনের পরামর্শ দেন। স্থানীয় মানুষজন এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
জানা যায়, মালদার স্বনামধন্য চিকিৎসক ও সমাজসেবী ডাঃ মোয়াজ্জেম হোসেন নিয়মিতভাবে এই নার্সিংহোমে মাসে একদিন চিকিৎসা করেন। নার্সিংহোমের মুখ্য পরিচালক ও কর্ণধার মুহাম্মদ আব্দুল কাইয়ুম জানান, “গত বছর ৬ অক্টোবর থেকে আমাদের পথচলা শুরু। বর্ষপূর্তিতে আমরা আরও উন্নত স্বাস্থ্য পরিষেবার দিকে অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মোয়াজ্জেম হোসেন, নয় মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আদিল হোসেন, মালদা জেলা বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সুনীল দাস, উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক বশিরুল ইসলাম, এবং ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শফিকুল আলম প্রমুখ।
নার্সিংহোমের অন্যতম কর্ণধার আব্দুল লাহিল মামুন বলেন, “আমরা এলাকার মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও এক কর্ণধার আব্দুল লাহিল মারুফ (দুলু বিশ্বাস) জানান, “আগামী বর্ষে রক্তদান শিবির, চিকিৎসক দিবসে চিকিৎসকদের সম্মাননা, দুঃস্থ রোগীদের ফল বিতরণ, স্বাস্থ্য সচেতনতা শিবির এবং বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজনের পরিকল্পনা রয়েছে।”







