মেসি-জ্বরে আক্রান্ত কাঁপছে শহর কলকাতা, বসছে সবচেয়ে বড় মূর্তি, বাড়ছে নিরাপত্তা
এম.রহমান, নতুন পয়গাম, কলকাতাঃ
মাঝে আর একটা দিন। তারপরেই কলকাতা কাঁপাবেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল আন্দ্রেস মেসি।
১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়াম কাঁপাবেন আর্জেন্তাইন মহাতারকা। তাই তাঁর নিরাপত্তায় কঠোর সুরক্ষা বেষ্টনী তৈরি করেছে রাজ্য পুলিশ। এলএমটেনের নিরাপত্তায় থাকছেন ৩ হাজারের বেশি উর্দিধারী। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। তিনি জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে ইনসপেক্টর, সাব-ইনসপেক্টর সহ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে ২০ জন ইনসপেক্টরের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে র্যাপিড অ্যাকশন ফোর্সও হাজির রাখা হয়েছে। ভবানীভবনের নির্দেশ, ১২ ডিসেম্বর সকাল ৮টার মধ্যে মেসির নিরাপত্তায় থাকা প্রত্যেক উর্দিধারীকে বিধাননগর কমিশনারেটে হাজিরা দিতে হবে।
এদিকে মেসির কলকাতায় আগমন ঘিরে তাকে সম্মান জানাতে কলকাতা লেক টাউনে ৭০ ফুট উচ্চতার একটি বিশাল মূর্তি তৈরি করা হয়েছে, যা বিশ্বের যেকোনো ফুটবলারের সবচেয়ে উঁচু মূর্তি।
ভারত সফরের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করবেন স্বয়ং মেসি!
মেসির আগমনের খবর শুনে যে জ্বরে আক্রান্ত হয়েছিল শহর কলকাতা, তা এখন চরম পর্যায়ে।








