গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে অপহরণ! ডোমকলে সিভিক ভলেন্টিয়ার-সহ গ্রেফতার ৭
নতুন পয়গাম, ডোমকল:
চাঞ্চল্যকর ঘটনায় ডোমকলে পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ডোমকল থানার এক সিভিক ভলেন্টিয়ারও।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা প্রায় ছ’টার সময় বাজিতপুর এলাকার বাসিন্দা লালচাঁদ মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে তাঁর বাড়ির পাশের দোকান থেকে জোর করে তুলে নিয়ে যায় দুইটি গাড়িতে করে আসা একদল ব্যক্তি। গাড়িগুলিতে “পুলিশ” লেখা স্টিকার লাগানো ছিল, যাতে সাধারণ মানুষের সন্দেহ না হয়। অভিযানের নেতৃত্বে ছিল ডোমকল থানার সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবির।
ঘটনার পরই লালচাঁদের পরিবার ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপরতা শুরু করে এবং মোবাইল ট্র্যাকিং ও গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাতেই কৃষ্ণনগর থানার চাপড়া এলাকা থেকে অপহৃত লালচাঁদ মন্ডলকে উদ্ধার করা হয়। সঙ্গে তিনটি গাড়ি এবং সাতজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের এক আধিকারিক জানান, “অভিযুক্তরা পুলিশের নাম ভাঙিয়ে ও স্টিকার ব্যবহার করে অপহরণের চেষ্টা করেছিল। তদন্তে জানা গেছে, এটি ছিল জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিত অপহরণ।”
অপহৃতের স্ত্রীও দাবি করেছেন, “জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই কারণেই এই অপহরণ।”
ধৃত সাতজনকে বৃহস্পতিবার সকালে জেলা আদালতে তোলা হয়। পুলিশ তাঁদের বিরুদ্ধে ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।
ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের এই দ্রুত তৎপরতায় অপহৃত ব্যক্তিকে সিনেমার কায়দায় উদ্ধার করায় এলাকাবাসী পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন।







