থেমে গেল খালিদের দৌড়, সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপে বিদায় ভারতের
নতুন পয়গাম
ভালোই ছুটছিল খালিদের ঘোড়া।যে ভারত মাঠে নামলেই হার নিশ্চিত ছিল,সেই ভারতকে বুক চিতিয়ে লড়াই করতে শেখালেন খালিদ।কিন্তু হঠাতই ছন্দপতন।
সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের আশা শেষ হয়ে গেল সুনীলদের।
এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জনের জন্য সিঙ্গাপুরের বিরুদ্ধে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ঘরের মাঠে এগিয়ে গিয়েও ১-২ গোলে হেরে গেল ব্লু টাইগার্সরা।অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে খালিদ জামিলের দল ১-১ড্র করেছিল।ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলেন খালিদ।
গোয়ার মাটিতে শুরুটা খারাপ করেনি তাঁর দল। ১৪ মিনিটের মাথায় লালিয়ানজুয়ালা ছাংতে এগিয়ে দেন দলকে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন ছাংতে।কিন্তু অসংখ্য গোল মিসের খেসারত দিতে হল ভারতীয় দলকে। অধিকাংশ সময় মাঝমাঠের দখল রাখলেও প্রথমার্ধেই সমতা ফেরায় সিঙ্গাপুর। ৪৪ মিনিটে গোল করেন ইউ ইউং সং। বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। ভারতীয় ডিফেন্ডারদের ভুল তাঁর কাজ সহজ করে দেয়।
দুই উইং কাজে লাগিয়ে আক্রমণ তৈরির পরিকল্পনা করেছিলেন ভারতীয় দলের কোচ। সে ভাবেই খেলছিলেন সুনীলেরা। অন্য দিকে সিঙ্গাপুর মূলত প্রতি আক্রমণে উঠে ভারতীয় রক্ষণকে বিব্রত করার চেষ্টা করছিল। প্রথম গোলের মতো সিঙ্গাপুরের দ্বিতীয় গোলের ক্ষেত্রেও দায় এড়াতে পারে না ভারতীয় রক্ষণ বিভাগ। ম্যাচের ৫৮ মিনিটে সংই দ্বিতীয় গোল করে সিঙ্গাপুরের জয় নিশ্চিত করেন।
ফলে এবারের মতো এশিয়ান কাপে যাত্রা এখানেই শেষ হল ভারতের।








