কালিয়াচকে DYFI–এর স্বেচ্ছায় রক্তদান শিবির ও বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ
নতুন পয়গাম, আবু রাইহান, কালিয়াচক: DYFI মালদা জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার কালিয়াচক টাউন লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। ‘নাই ধর্ম, নাই জাত, রক্তদানে বাড়াও হাত’—এই স্লোগানকে সামনে রেখে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে জেলার উদ্বোধনী রক্তদান শিবিরের পাশাপাশি প্রকাশ করা হয় DYFI–এর বাৎসরিক রক্তদান ক্যালেন্ডার। এই বাৎসরিক ক্যালেন্ডারের মাধ্যমে সারা বছর জুড়ে মালদা জেলার বিভিন্ন ব্লকে কোন কোন তারিখে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত সূচি তুলে ধরা হয়েছে। ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন DYFI–র প্রাক্তন জেলা সম্পাদক কৌশিক মিশ্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI জেলা সম্পাদক অরূপ পোদ্দার, জেলা সভাপতি মোস্তাক আলাম, লোকাল সম্পাদক ফারহান আহাম্মেদ, লোকাল সভাপতি শরিফুল মণ্ডল, গণআন্দোলনের নেতা এনামুল হক, আনিসুর রহমান, সৈয়দ হাসান ইকবাল সহ সংগঠনের একাধিক নেতৃবৃন্দ। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে DYFI জেলা সম্পাদক অরূপ পোদ্দার বলেন, “প্রতি বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে কোথায় ও কবে রক্তদান শিবির হবে, তার একটি নির্দিষ্ট ক্যালেন্ডার প্রকাশ করা হয়। আজ কালিয়াচক এক নম্বর ব্লকের কালিয়াচক টাউন লাইব্রেরিতে সেই ক্যালেন্ডারের উদ্বোধনের পাশাপাশি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েই এই কর্মসূচি পালন করা হচ্ছে।” তিনি আরও জানান, প্রকাশিত এই ক্যালেন্ডারে সারা বছরের রক্তদান শিবিরের নির্দিষ্ট তারিখ ও স্থান স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যাতে জেলার সর্বত্র মানুষের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা ও স্বেচ্ছাসেবী অংশগ্রহণ আরও বৃদ্ধি পায়।








