কালিয়াচক বনি চাইল্ড মিশনে কৃতি প্রাক্তনি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান
নাজমুস সাহাদাত, নতুন পয়গাম, কালিয়াচক:
এলাকার অন্যতম সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান কালিয়াচক বনি চাইল্ড মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল কৃতি প্রাক্তনি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্পাদক জসিমুদ্দিন আহমেদ, পরিচালক জামিম জাভেদ আলী সহ শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্টজনেরা। দীর্ঘদিন ধরে শিক্ষা, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায় প্রতিষ্ঠানটির অবদানকে সামনে রেখে সফল প্রাক্তনিদের সম্মান জানাতেই এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগত ভাষণে বলেন, এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধু বইয়ের শিক্ষা নয়, ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তোলা। আজ আমাদের প্রাক্তনিরা বিভিন্ন ক্ষেত্রে সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন এটাই আমাদের প্রকৃত অর্জন। তিনি আরও জানান, প্রাক্তনিদের এই সাফল্য বর্তমান ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এইদিন সংবর্ধিত প্রাক্তনিদের মধ্যে ছিলেন একজন দিল্লি আইইটিতে গবেষণা করছেন আব্দুস সালিম, মঈন আখতার কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠরত, মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠরত সাহাবুদ্দিন আহমেদ ও হামিদ রেজা ডাক্তারি পড়ুয়া সকলেই কালিয়াচকের বাসিন্দা।
চান কৃতি প্রাক্তনি। তাঁদের হাতে স্মারক, উত্তরীয় ও ফুলের তোড়া তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাক্তনিরা বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের স্মৃতি, শিক্ষকদের ভূমিকা এবং সহপাঠীদের সঙ্গে কাটানো দিনের কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। একজন প্রাক্তনি বলেন, বনি চাইল্ড মিশন আমাদের জীবনের ভিত্তি তৈরি করেছে। শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও মানবিকতার শিক্ষা আমরা এখান থেকেই পেয়েছি। অভিভাবকেরাও এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, এ ধরনের অনুষ্ঠান সমাজে শিক্ষার প্রতি আকর্ষণ ও উৎসাহ বাড়ায়। বিশেষ করে বর্তমান ছাত্রছাত্রীরা প্রাক্তনিদের সাফল্য দেখে অনুপ্রাণিত হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা কবিতা আবৃত্তি এবং তাৎক্ষণিক বক্তব্যের আয়োজন ছিল। বর্তমান ছাত্রছাত্রীরা এই পরিবেশনাগুলিতে অংশ নিয়ে সমগ্র অনুষ্ঠানে এক উজ্জ্বল পরিবেশ রচনা করে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকরাও এই দিনে উপস্থিত থেকে পুরনো ছাত্রছাত্রীদের সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং তাঁদের আরও উচ্চতায় পৌঁছানোর আশীর্বাদ জানান।
অনুষ্ঠানের শেষে কালিয়াচক বনি চাইল্ড মিশনের পরিচালক সামিম জাভেদ আলী জানান, এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার আলো নয়, মানবিকতার মশালও বহন করে চলেছে। আমাদের প্রাক্তনিরা আজ দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ যারা সংবর্ধনা পেল তাদের সাফল্য প্রমাণ করে যে পরিশ্রম, অধ্যবসায় আর সঠিক দিকনির্দেশনা থাকলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। আমরা চাই, আগামী দিনে বর্তমান ছাত্রছাত্রীরাও নিজেদের স্বপ্নকে বড় রাখুক, সাহস রাখুক সেই স্বপ্ন পূরণের পথ তৈরি করার। বনি চাইল্ড মিশন তাদের পাশে আছে, থাকবে। সম্পাদক জসিমুদ্দিন আহমেদ বলেন, শিক্ষা শুধু পরীক্ষার নম্বরে সীমাবদ্ধ নয়; শিক্ষা হলো চরিত্র গঠন, সময়ের মূল্য বোঝা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করা। আমাদের প্রাক্তনিদের দেখেই আজকের ছাত্রছাত্রীরা বুঝুক সফলতা কখনও একদিনে আসে না, নিয়মিত চেষ্টা আর শৃঙ্খলাই সাফল্যের চাবিকাঠি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ভবিষ্যতেও একজন করে শিক্ষার্থীকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে।








