এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে: বিএনপি
নতুন পয়গাম, ঢাকা:
জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ১৭ নভেম্বর ২০২৫ যে রায় দিয়েছেন, তাতে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে’ বলে মনে করে বিএনপি। এদিন রাতে স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই সিদ্ধান্ত তুলে ধরে বলেন, বিশ্বজনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল, স্বৈরাচার ও তার দোসরদের মানবতাবিরোধী ও নৃশংস হত্যাকাণ্ড এবং গণহত্যায় অপরাধের যেন সুবিচার করা হয়।
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে, তাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একইসাথে অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে বিএনপি।’
বিএনপি মহাসচিব আরো বলেন, ‘এই রায়ে দীর্ঘ ১৬ বছরের গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং ২০২৪ ছাত্র গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের রূহ শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।’ এই সাংবাদিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।








