পাইকারি হারে ভোটারের নাম বাদ দিচ্ছে কমিশন? ভোট চোরদের আড়াল করছেন জ্ঞানের কুমার: রাহুল গান্ধী
নতুন পয়গাম,
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর: আবারো ভোট চুরি ইস্যুতে বড় পর্দা ফাঁস করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার ফের কাঠগড়ায় তুলে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট চোরদের আড়াল করছেন বা নিরাপত্তা দিচ্ছেন। বেছে বেছে কংগ্রেস তথা বিরোধী দলগুলোর সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাহুলের কথায়, এটা করা হচ্ছে খুব গোপন কৌশলে এক বিশেষ সফটওয়্যার ব্যবহার করে। রহস্যজনকভাবে অনলাইনে ভোটার তালিকা থেকে পাইকারি হারে নাম বাতিল হলেও তদন্তে কোনও সাড়া দিচ্ছেন না কমিশন।
এদিন সরাসরি জ্ঞানেশ কুমারের নাম নিয়ে রাহুল আরো বলেন, ভোট চোরদের আড়াল করে দেশের গণতন্ত্রকে যারা শেষ করছে, আপনি তাদেরকে রক্ষাকবচ দিচ্ছেন। সিআইডি ১৮ মাসে নির্বাচন কমিশনকে ১৮ বার চিঠি পাঠিয়ে কিছু সহজ তথ্য জানতে চেয়েছে। যেমন- যেখান থেকে এসব নাম বাতিলের আবেদন করা হয়েছিল এবং তার ওটিপি। কমিশন এর জবাবে কোনো তথ্য দেয়নি। অথচ কমিশন জানে, কে বা কারা এসব করেছে। যারা এই তথ্য দিচ্ছে না, তারা গণতন্ত্রের হত্যাকারীদের রক্ষা করছে।
বিহারে ১ সেপ্টেম্বর ভোটার অধিকার যাত্রার সমাপ্তি ভাষণে রাহুল বলেছিলেন, শীঘ্রই ভোট চুরি সম্পর্কে হাইড্রোজেন বোমা ফাটানো হবে, তখন প্রধানমন্ত্রী দেশের কাছে মুখ দেখাতে পারবেন না। এদিন সাংবাদিক সম্মেলনে আল্টিমেটাম দিয়ে রাহুল বলেন, এক সপ্তাহের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার কর্ণাটকে সিআইডি তদন্তের যাবতীয় প্রশ্নের জবাব দিন। নাহলে যুব সমাজ রাস্তায় নামবে। ভারতের গণতন্ত্রকে মুছে দিতে চাইছেন জ্ঞানেশ কুমার। অত্যন্ত পরিকল্পনা মাফিক বাতিল করা হচ্ছে বিরোধীদের ভোট।
তবে রাহুল গান্ধীর এই বিস্ফোরক অভিযোগ শোনামাত্রই নস্যাৎ করে দিয়েছে কমিশন। কমিশনের সদর দপ্তরে বসে রাহুলের এই লাইভ টেলিকাস্ট দেখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কিছুক্ষণ পরেই জানান, এসব অভিযোগ সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন। অনলাইনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় না।








