মেসি-ম্যাজিকে টানা দুই জয় ইন্তার মায়ামির
নতুন পয়গাম ডেস্ক: ৩৮ বছর বয়সে এসেও যাদু দেখাচ্ছেন মেসি। যা বিশ্বকাপের আগে স্বস্তিতে রাখবে আর্জেন্টিনাকে। শনিবার মেজর লিগ সকারে আরও একবার ইন্তার মায়ামিকে টানলেন আর্জেন্টাইন মহাতারকা। টানা দু’ম্যাচে জাল কাঁপালেন লিও। সেই সুবাদে অ্যাওয়ে ম্যাচে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারাল ডেভিড বেকহ্যামের দল। ম্যাচে মেসির পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন তাঁরই দেশোয়ালি রডরিগো ডে পল। ডিসি ইউনাইটেডের একমাত্র গোলটি বারিবোর। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল ইন্তার মায়ামি। চলতি মাসের শেষেই ফিনালিসিমা। সেখানে আর্জেন্টিনা জার্সি গায়ে স্পেনের মুখোমুখি হবে জাদুকর মেসি। প্রথমে এই ম্যাচে কাতারের লুসেইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে ইরান বনাম আমেরিকার যুদ্ধের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। তাই কাতারের পরিবর্তে এই ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়ার সম্ভাবনা বাড়ছে। তবে তার আগে ক্লাব ফুটবলে তাঁর এই স্বপ্ন দেখাচ্ছে নীলসাদা জার্সিধারী দেশের।








