পারুইয়ে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, সাত্তর গ্রাম পঞ্চায়েতে বুথ সভাপতির অপসারণকে কেন্দ্র করে উত্তেজনা
খান সাহিল মাজহার, নতুন পয়গাম, বীরভূম:
বীরভূমের পারুইয়ে ফের মাথাচাড়া দিল গোষ্ঠীদ্বন্দ্ব। সাত্তর গ্রাম পঞ্চায়েতে বুথ সভাপতির অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক অশান্তি ক্রমশ বাড়ছে। অভিযোগ, দুর্নীতির অভিযোগে সম্প্রতি বাবর আলীকে বুথ সভাপতির পদ থেকে সরানো হয়। তাঁর জায়গায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নির্দেশে দায়িত্ব পান শেখ আকবর। আর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সূত্রপাত হয়।
অভিযোগ, নতুন বুথ সভাপতি শেখ আকবরের উপর হামলা চালায় বাবর আলীর অনুগামীরা। বোলপুর থেকে বাড়ি ফেরার পথে সাত্তর গ্রামে ওষুধের দোকানের সামনে আকস্মিকভাবে তাদের উপর চড়াও হয় দলবল। শেখ আকবরকে বেধড়ক মারধর করা হয় এবং প্রাণে মারার চেষ্টাও হয় বলে তাঁর দাবি।
ঘটনার পর বিষয়টি জানানো হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। থানায় এফআইআর দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা পারুইয়ে চরম আকার নিয়েছে। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সাত্তর গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি—রাজনৈতিক হানাহানি বন্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।








