এশিয়া কাপ সুপার ফোরে ভারত বনাম বাংলাদেশ
ফাইনালে ওঠার এক ম্যাচ দূরে নীল ব্রিগেড, আত্মবিশ্বাসী টাইগাররা চ্যালেঞ্জ ছুঁড়তে প্রস্তুত
নতুন পয়গাম:
এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ বুধবার মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। জয়ের মাধ্যমেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে চাইবে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। অপরদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশও বিশ্বের সেরা দলের সামনে নিজেদের প্রমাণ করতে মরিয়া।
টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচে চার জয়ে অপ্রতিরোধ্য ছন্দে রয়েছে ভারত। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে টানা দুই জয়ে তারা অন্যদের থেকে অনেকটাই আলাদা উচ্চতায় অবস্থান করছে। তবে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারতীয় শিবির, কারণ অতীতে বেশ কয়েকবার বড় টুর্নামেন্টে টাইগাররা কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে নতুন করে উজ্জীবিত বাংলাদেশ আজ ভারতের বিরুদ্ধে বাড়তি চ্যালেঞ্জ নিয়ে নামবে। যদিও পরিসংখ্যান ভারতের পক্ষেই—টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভারত ১৮ বার জিতেছে, হার মাত্র একবার। এশিয়া কাপে ১৫ বারের মধ্যে ১৩ বারই জয় ভারতের দখলে। তবে ২০২৩ সালের ৫০ ওভারের এশিয়া কাপে বাংলাদেশ ভারতকে হারিয়ে চমক দেখিয়েছিল।
আজকের ম্যাচে ভারত প্রায় একই একাদশ নামানোর পরিকল্পনায় রয়েছে। জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন দলের সহকারী কোচ রায়ান টেন ডোশাতে। সঞ্জু স্যামসনের ওপর আস্থা রাখার কথাও জানানো হয়েছে। অন্যদিকে, মাথায় চোট পাওয়া অক্ষর প্যাটেলও খেলতে প্রস্তুত।
বাংলাদেশ শিবিরে সবচেয়ে বড় দুশ্চিন্তা অধিনায়ক লিটন দাসকে ঘিরে। অনুশীলনে পাঁজরে আঘাত পাওয়ায় তার খেলা অনিশ্চিত। তার পরিবর্তে পারভেজ হোসেন ইমন একাদশে সুযোগ পেতে পারেন। পেস বিভাগে শরিফুল ইসলামের জায়গায় তানজিম সাকিবকে খেলানোর চিন্তাভাবনা চলছে, যিনি ভারতের বিরুদ্ধে আগের সিরিজে নজর কেড়েছিলেন। স্পিন বিভাগে রিশাদ হোসেন ও মাহেদি হাসানের মধ্যে বাছাই হবে ম্যাচের কৌশল অনুযায়ী।
ফাইনালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভারত আজও প্রবল ফেভারিট হিসেবেই মাঠে নামছে। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ তাদের লড়াকু মানসিকতা দিয়ে যদি চমক দেখায়, তবে ম্যাচটি হতে পারে সুপার ফোরের সবচেয়ে জমজমাট লড়াই।








