১৩ জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দিল ভারত
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, সুন্দরবন:
আন্তর্জাতিক সৌহার্দ্যের নজির গড়ে বাংলাদেশের ১৩ জন মৎস্যজীবীকে মুক্তি দিল ভারত। মাত্র ৯০ দিন পূর্ণ হওয়ার আগেই মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়ে তাঁদের আটক ট্রলার-সহ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
জানা গেছে, তিন মাস আগে ভারতীয় জলসীমায় অনধিকার প্রবেশের অভিযোগে বাংলাদেশের ওই ১৩ জন মৎস্যজীবী ও তাঁদের ট্রলারকে আটক করে ভারতীয় পুলিশ। পরে তাঁদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ডায়মন্ড হারবার সংশোধনাগারে রাখার নির্দেশ দেন। সেই সময় থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক যোগাযোগ চলতে থাকে।
শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ দিনের আগেই মুক্তি মেলে মৎস্যজীবীদের। সোমবার বেলা আড়াইটায় সুন্দরবন পুলিশ জেলা ও কোস্ট গার্ডের উদ্যোগে তাঁদের নামখানা লঞ্চঘাটে আনা হয়। সেখানে দুপুরের খাবার ও টিফিন তুলে দেওয়া হয় তাঁদের হাতে। আটক থাকা ট্রলারসহ তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
মুক্তির আনন্দে অনেকের চোখে জল দেখা যায়। ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা দেশে ফেরার পথে বলেন, “ভারতের এই মানবিকতা আমরা কখনো ভুলব না।”







