মরু শহরে আরও একবার সম্মুখ সমরে ভারত-পাক
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ
সিনিয়র এশিয়া কাপে তিনবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দাদারা।
এবার ভাইদের পালা।
পুরুষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসরে আজ ফাইনালে মুখোমুখি ভারত-পাক।
গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকা ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল এবং গ্রুপ পর্বে ভারতের কাছেই একমাত্র হারের মুখ দেখা পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল মুখোমুখি হচ্ছে আজ ফাইনালে। আয়োজক থেকে সম্প্রচারকারী, সমর্থক থেকে ক্রিকেটার—সবার অপেক্ষা এই ম্যাচ ঘিরেই। কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময় ক্রিকেট বিশ্বের কাছে একটা উত্তেজনা পূর্ণ ম্যাচ হিসেবে পরিচিতি পেয়ে এসেছে।
দুবাইয়ে শুক্রবার সেমিফাইনালে দাপট দেখিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দুই দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারের ম্যাচে জয় পায় ভারত।আইসিসি একাডেমিতে ২০ ওভারের খেলায় বল হাতে কার্যকর ছিলেন কণিষ্ক চৌহান ও হেনিল প্যাটেল। রান তাড়ায় সহ – অধিনায়ক বিহান মালহোত্রা ও অ্যারন জর্জের অপ্রতিরোধ্য জুটিতে সহজ জয় তুলে নেয় ভারত।
অন্যদিকে, দ্য সেভেনস্ স্টেডিয়ামে বাংলাদেশকে কার্যত একতরফা ভাবে হারায় পাকিস্তান। বল হাতে আবদুল সুবহানের চার উইকেটের পর ব্যাট হাতে সামীর মিনহাজের ঝকঝকে ইনিংস ম্যাচ দ্রুত শেষ করে দেয়।
১১ বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। এর আগে ১২ বারের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন ভারত এবার ৯ম শিরোপার লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে বৈভব,অভিজ্ঞানরা। পাশাপাশি এই টুর্নামেন্ট ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বড় প্রস্তুতির মঞ্চ।
এখন দেখার দাদাদের পথ অনুসরণ করে ভারত জয় পায়, নাকি দাদাদের হারের বদলা নেয় পাকিস্তান!








