মালদহে কংগ্রেসের অনির্দিষ্টকালের অবস্থান-বিক্ষোভ
নতুন পয়গাম, জমুস সাহাদাত, মালদহ: এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকায় বহু মানুষের নাম ‘বিচারাধীন’ অবস্থায় রেখে দেওয়ার অভিযোগ তুলে তার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু করল মালদা জেলা কংগ্রেস। শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধীমূর্তির পাদদেশে এদিন এই অবস্থান-ধর্ণা কর্মসূচির সূচনা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাংসদ মৌসম নুর। এছাড়াও উপস্থিত ছিলেন ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম, আলবেরুণি জুলকারনাইন, জেলা পরিষদের সদস্য সায়েম চৌধুরী, জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নানসহ জেলার একাধিক কংগ্রেস নেতা-কর্মী। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে স্লোগান তোলেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ার জেরে মালদা জেলায় বহু প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে তারা ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জেলা কংগ্রেস।
এদিন অবস্থান-বিক্ষোভ মঞ্চ থেকে প্রাক্তন সাংসদ মৌসম নূর অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে মালদা জেলার হাজার হাজার প্রকৃত ভোটারকে বিচারাধীন তালিকায় রেখেছে। তার দাবি, এতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং ভোটাধিকার নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অবিলম্বে এই সমস্যা সমাধান করে সমস্ত প্রকৃত ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, যতদিন পর্যন্ত বিচারাধীন ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা না হচ্ছে, ততদিন এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে আন্দোলন আরও বৃহত্তর আকারে সংগঠিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। এই অবস্থান-বিক্ষোভ ঘিরে এদিন এলাকায় রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায়। পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন। আগামী দিনে এই আন্দোলন কোন দিকে গড়ায়, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।








