বৈধ ভোটারের নাম সুনিশ্চিত করার দাবিতে সমাবেশ ও পার্টি অফিস উদ্বোধন
নতুন পয়গাম, উমার ফারুক, মালদা: এসইউসিআই (কমিউনিস্ট) দল বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং বিচারাধীন করার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে। রবিবার বৈধ ভোটারের নাম সুনিশ্চিত করার দাবিতে ইংরেজবাজারের রথবাড়ি মোড়ে দলের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে এলাকায় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। এদিন রথবাড়ি মোড়ে দলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো সদস্য ও রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। তিনি তাঁর বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং দেশের সার্বিক স্বার্থে বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন,ভোটার তালিকায় সমস্ত বৈধ ভোটারের নাম সুনিশ্চিত করা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। ৬০লক্ষ বৈধ ভোটারের নাম তালিকায় তোলার পর নির্বাচন করতে হবে।
পাশাপাশি তিনি অভিযোগ করেন যে, সাংবিধানিক রীতিনীতির তোয়াক্কা না করে নির্বাচন কমিশন কার্যত বিজেপির সংগঠনের মতো আচরণ করছে।আন্দোলনের মাধ্যমেই যে একমাত্র মানুষের দাবি আদায় হতে পারে তা তিনি তুলে ধরেন। প্রাথমিকে ইংরেজি ফেরানো সহ দলের নানান আন্দোলনের জয়ের ইতিহাসও তিনি তুলে ধরেন। সমাবেশে আন্তর্জাতিক যুদ্ধের বিরুদ্ধেও সরব হন তিনি। তাঁর বক্তব্যে তিনি তুলে ধরেন যে, যুদ্ধ মূলত একটি বড় ব্যবসায় পরিণত হয়েছে, যার ক্ষতি বহন করতে হয় সাধারণ মানুষকে।সমাবেশের পাশাপশি দলের মালদা জেলা পার্টি অফিসের উদ্বোধন হল শহরের বুড়াবুড়ি তলা এলাকায়। উদ্বোধন করেন দলের পলিটব্যুরো সদস্য ও রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। দলের জেলা নেতৃত্বের দাবি পার্টি অফিস হওয়ার ফলে জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধান এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্রতর করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নন্দ কুণ্ডু, জৈমিনি বর্মন এবং দলের সাংগঠনিক জেলা সম্পাদক গৌতম সরকার সহ কয়েকশো কর্মী-সমর্থক।








