এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণে ভারতের দাপুটে জয়
নতুন পয়গাম:
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে আবারও দেখা হলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। খেলাটি শুরু হওয়ার আগেই উভয় দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। টসে জিতে ভারত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং সেটাই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ধীরে ধীরে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রানের গতি আটকে যায়। ওপেনার সাহিবজাদা ফারহান লড়াই করে কিছুটা আশা জাগালেও দলের অন্যান্য ব্যাটাররা বড় রান তুলতে ব্যর্থ হন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৭১/৫। ভারতের শিভব দুবে ২ টি, হার্দিক পাণ্ডে ও কুলদীপ যাদব ১ টি করে উইকেট পান।
টার্গেট তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গি নেয়। শুবমান গিল ও আবিষেক শর্মা দ্রুত রান তুলে পাকিস্তানের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। প্রতিটি বলকে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন ভারতীয় ব্যাটাররা। পাকিস্তানি ফিল্ডারদের কয়েকটি ক্যাচ মিসও ভারতের জয় সহজ করে দেয়। শেষ পর্যন্ত ভারত নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যে পৌঁছে যায় এবং দাপুটে জয় নিশ্চিত করে। ১৮.৫ ওভারে ১৭৪ রান তুলে ৬ উইকেটে জয়লাভ করে ভারত।
এই জয়ের মাধ্যমে ভারত শুধু ফাইনালের পথে এগিয়ে গেল না, বরং আবারও প্রমাণ করল বড় মঞ্চে পাকিস্তানের বিপক্ষে তাদের মানসিক শক্তি ও দক্ষতা কতটা দৃঢ়। সমর্থকদের জন্য এটি ছিল এক আবেগঘন মুহূর্ত, যেখানে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে নতুন বার্তা ছড়িয়ে দিল। মাঠে উত্তেজনা, দর্শকাসনে উচ্ছ্বাস আর খেলোয়াড়দের লড়াই—সব মিলিয়ে এটি ছিল এক অবিস্মরণীয় ভারত-পাকিস্তান দ্বৈরথ, যেখানে বিজয়ীর আসনে সগৌরবে দাঁড়াল ভারত।








