কারো ভোটাধিকার কেড়ে নিতে দেব না: সেলিম
নতুন পয়গাম, মালদা:
এসআইআর প্রক্রিয়ায় ভাগাভাগির রাজনীতি করা যাবে না। বাদ দিতে হবে মৃতদের নাম। কারও ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। ভোটদাতাদের সহায়তা করবেন সিপিএম কর্মীরা — রবিবার মালদহের চাঁচলে এভাবেই চাঁচাছোলা ভাষায় বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে হুঁশিয়ারি দেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন চাঁচলে প্রাদেশিক কৃষকসভার জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে ভাষণে তিনি আরো বলেন, শেষ দেড় মাস ধরে আমরা প্রস্তুতি নিয়েছি, আইনি পরামর্শ নিয়েছি। কর্মী বাহিনীকে জড়ো করেছি। প্রতিটি বুথে কীভাবে সকলের ভোটাধিকার সুনিশ্চিত করা যায়, তার জন্য সক্রিয় রয়েছে পার্টি।
তাঁর কথায়, মঙ্গলবার ৪ নভেম্বর থেকে বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ শুরু করবেন। তার আগে ৩০ অক্টোবর থেকে রাজ্যের সমস্ত বুথে আমাদের কর্মীরা প্রস্তুতি শুরু করে দিয়েছে। বহু জায়গায় সহায়তা ক্যাম্প করা হচ্ছে। আমরা চাই তালিকা থেকে সব মৃত ভোটারের নাম বাদ যাক। এর আগে একাধিক বার সিপিএম নথি জমা দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন মৃতদের নাম বাদ দেয়নি। বিজেপি-তৃণমূল মৃত ভোটারদের নামে ভোট দিয়ে ফায়দা তোলে। হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লিতে ব্যাপক ভোট কারচুপি করেছে বিজেপি। এ রাজ্যে পঞ্চায়েত ভোটেও পুলিশ প্রশাসনের একাংশকে ব্যবহার করে তৃণমূল ভোট লুট করেছে।
রাজ্য এবং কেন্দ্রে উভয় শাসকদলই চেষ্টা করছে ভোটার লিস্টকে তাদের নিজেদের পক্ষে ব্যবহার করতে। আর সিপিএম সাধারণ ভোটারের অধিকার রক্ষার জন্য লড়াই করছে। সেলিম আরো বলেন, সংবিধান ও আইন মেনেই এসআইআর করতে হবে। একজনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, তার নিশ্চয়তা নির্বাচন কমিশনকেই দিতে হবে। এসআইআর-কে কেন্দ্র করে হিন্দু-মুসলমান, উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ কোনরকম ভাগাভাগি বরদাস্ত করা হবে না।








