টানা বৃষ্টিতে বাগনানের শত একর ধানজমি জলের তলায়
সেখ মইদুল আলি, নতুন পয়গাম, বাগনান:
পুজোর আগেই চরম দুশ্চিন্তায় হাওড়া জেলার বাগনান ব্লকের বহু চাষি। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ব্লকের বিভিন্ন মৌজার ধানজমি ডুবে রয়েছে জলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শতাধিক একর জমির ফসল বর্তমানে জলের নীচে।
চাষিদের অভিযোগ, গ্রামের পাশ দিয়ে দামোদর নদ বয়ে গেলেও আশপাশের খাল ও ক্যানেলগুলির সংস্কার হয়নি বহুদিন। ফলে বৃষ্টির জল দ্রুত বেরোতে পারছে না। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় খাল সংস্কারের কাজও থমকে গেছে। ফলে প্রতিবারের মতো এবারও জল জমে ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
ধানজমি জলে তলিয়ে থাকায় চাষিদের আশঙ্কা, ব্যাপক আর্থিক ক্ষতি হতে পারে। তাঁদের অনেকেই জানিয়েছেন, ধারদেনা করে চাষাবাদ করেছেন তাঁরা। সরকারের তরফে ক্ষতিপূরণ মিললে কিছুটা সুরাহা হবে বলে আশা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
আরও পড়ুন








