নিখোঁজ হওয়ার ১০ দিন পর জীবিত উদ্ধার এক গৃহবধূ
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম:
দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের ফুলবাড়ি এলাকায় নদীর চর থেকে নিখোঁজ এক গৃহবধূকে ১০ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করা হলো। নিখোঁজ ওই গৃহবধূর নাম পূর্ণিমা দোলই (২৫)।
গত ১লা সেপ্টেম্বর প্রতিদিনের মতো নদীর চরে মাছ ধরতে গিয়েছিলেন পূর্ণিমা। কিন্তু সেদিন তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশীদের বাড়ি থেকে শুরু করে আত্মীয়দের কাছেও খোঁজ নেওয়া হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
অবশেষে বৃহস্পতিবার সকালে কশতলা এলাকার নদীর চর সংলগ্ন জঙ্গলে মাছ ধরতে গিয়ে দুই মৎস্যজীবী পূর্ণিমাকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর যায় সাগর থানায়। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন, তবে এখনও কথা বলার মতো অবস্থায় নেই।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পূর্ণিমার হাত-পা কিছুটা ফুলে গেছে। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, কীভাবে বেঁচে রইলেন—সেটি এখনও রহস্য। পুলিশ জানিয়েছে, পূর্ণিমা সুস্থ হয়ে উঠলেই জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।







