দ্বিতীয়বারের মতো গৃহহীন জলঢাকার মানুষ, প্লাস্টিকের তাবুতেও ঢুকল নদীর জল
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
জলঢাকা নদীর জলে আগেই প্লাবিত হয়েছিলো গোটা গ্রাম। প্লাস্টিকের তাবুতে রাত কাটাচ্ছিলেন গত এক মাস ধরে। গতরাতের বৃষ্টিতে সেই প্লাস্টিকের তাবুতেও জল ঢুকে পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ল। দ্বিতীয়বারের জন্যও গৃহহীন হলেন জলঢাকা বাঁধ সংলগ্ন এলাকার হোগলাপাতা, কুর্শামারি এলাকার মানুষেরা। এর মধ্যে আতঙ্ক আরও বাড়িয়েছে মন্থার। আতঙ্কে রাতের ঘুমোতে পারেন নি জলঢাকা নদীর জলে প্লাবিত গধেয়ারকুঠি গ্রামের হোগলাপাতা গ্রামের বাসিন্দারা।কোলের শিশুদের নিয়ে ভেজা গায়ে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন বাঁধের ভাঙ্গা অংশের দিকে। এই বুঝি ঢুকে পড়ল নদীর জল।
গত ৫ তারিখে জলঢাকা নদীর তিন জায়গায় বাঁধ ভেঙে যায় এবং নদীর জল ঢুকে পুরো গ্রাম প্লাবিত করে। গৃহহীন হয়ে সরকারের দেওয়া প্লাস্টিক দিয়ে তাবু টাঙিয়ে সেই বালুরচরের মধ্যেই তারা গত এক মাস ধরে কষ্টে দিন কাটাচ্ছিলেন। এখনো সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি ঘর বানানো বা বাঁধ সংস্কারের জন্য। এরই মধ্যে গতকাল রাত থেকে বৃষ্টির জল ঢুকে তাবু জলমগ্ন হয়ে পড়েছে। বাধ্য হয়ে তাবু তুলে এখন বাঁধের উপরে আশ্রয় নিচ্ছেন গ্রামের বাসিন্দারা। কতদিনে স্বাভাবিক হবে, জানেন না কেউ।
আতঙ্কে জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকা বাসিন্দারা। বাঁধের ভাঙ্গা অংশ এখনো সংস্কার হয়নি। যেভাবে বৃষ্টি হচ্ছে, তার ফলে জলঢাকা নদীর জল আবার ভাঙা অংশ দিয়ে ঢুকে পড়তে পারে; বড় বিপদে পড়তে পারেন প্লাস্টিকের তাবুতে থাকা মানুষগুলি।







