থামানো যাচ্ছে না হিলিকে, ভারতের পর বাংলাদেশের সাথেও জ্বলে উঠলেন স্টার্ক-পত্নী
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম :
স্বামী বল হাতে বাঘ,তো স্ত্রী ব্যাট হাতে ভয়ংকর বাঘিনী।ভারতের পর গতকাল আইসিসি মহিলা বিশ্বকাপে বাংলাদেশের সাথেও সেঞ্চুরি করলেন তিনি।এবং দলকে সেমিফাইনালে পৌঁছে দিলেন।এদিন বাংলাদেশকে দাঁড়াতেই দিল না অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছিল বাংলাদেশ। মাত্র ২৪.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে রান তাড়া করে জয় তুলে নিল অস্ট্রেলিয়া।
হিলি ১১৩ ও ফোবে লিচফিল্ট ৮৪ রানে অপরাজিত থাকলেন।
এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৯। চার নম্বরে থাকা ভারত ও পাঁচ নম্বরে থাকা নিউজিল্যান্ডের ৯ পয়েন্টে পৌঁছোনোর সুযোগ রয়েছে। কিন্তু তাদের নিজেদের মধ্যে ম্যাচ রয়েছে। তাই অস্ট্রেলিয়ার শেষ চার পাকা। অন্য দিকে এ বারের মতো বাংলাদেশের বিশ্বকাপ প্রায় শেষ। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ২। খাতায়-কলমে এখনও বাংলাদেশ বিদায় না নিলেও এই পরিস্থিতি থেকে তাদের প্রথম চারে শেষ করা প্রায় অসম্ভব।








